☰
✕

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

১৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, আজ সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনে সিঁড়ি ও লিফটের পাশে ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে মারা যেতে পারেন।

পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা জানতে পেরেছি উনি (মোশাররফ হোসেন) ওই ভবনের একটি ফাঁকা অংশ থেকে নিচে পড়ে গিয়েছেন। আমরা মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি। এ বিষয়ে তার পরিবার থেকে একটি দরখাস্ত দেবে। তারপর আমরা এ ঘটনাকে অজ্ঞাত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করব। যেহেতু কীভাবে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সে হিসেবে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।