☰
✕

সাত দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের বোর্ড চেয়ারম্যান হচ্ছে পাকিস্তান

১৬ অক্টোবর, ২০২৬

আগামী বছরের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের (ডব্লিউবিজি) গভর্নর বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছে পাকিস্তান। ১৯৫৩ সালের পর এই প্রথম দেশটি এ দায়িত্ব পেতে যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ব্যাংককের ২০২৬ সালের বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী এবং বিশ্বব্যাংকে দেশটির গভর্নর আহাদ খান চিমার নাম পরবর্তী চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থনৈতিক নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা। সভায় বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে।

মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষ্য, ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান এ চেয়ারম্যানের দায়িত্বে ফিরছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই দায়িত্ব পাকিস্তানকে বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নবিষয়ক আলোচনায় অবদান রাখার এবং সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ সহজ করার সুযোগ দেবে।’

পূর্ণাঙ্গ অধিবেশনের পর বিশ্বব্যাংক গ্রুপের করপোরেট সচিবালয় চিমাকে চেয়ারম্যানের দায়িত্ব সম্পর্কে অবহিত করে। দায়িত্ব পালনের সময় প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বয় নিয়ে আলোচনা করতে তিনি বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি আরাধনা কুমার-কাপুরের সঙ্গেও বৈঠক করেন।

বিবৃতিতে বলা হয়, চিমা প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও বিদায়ী গভর্নর বোর্ডের চেয়ারম্যান কার্লোস কারভালো স্পালডিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। দায়িত্বের মেয়াদ শেষ করায় তিনি স্পালডিংকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা চেয়ারম্যানের দায়িত্ব ও আগামী বছরের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকগুলোতে চিমা উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরালো করা, কার্যকর ও পূর্বানুমানযোগ্য উন্নয়ন অর্থায়ন নিশ্চিত করা, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বেসরকারি পুঁজি সংগ্রহে পাকিস্তানের অঙ্গীকার তুলে ধরেন।

মন্ত্রণালয় আরও জানায়, গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়া এবং আরও কার্যকর বহুপক্ষীয় উন্নয়ন ও আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্বব্যাংক গ্রুপ, আইএমএফ ও সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান।

সূত্র: ডন