১৬ অক্টোবর, ২০২৬
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২-এর একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নূর।
তিনি বলেন, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন। ঋণখেলাপির দায়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন। বর্তমানে তার খেলাপি বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে ৪১ কোটি ২ লাখ টাকা।
সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে খেলাপি ঋণের কারণে পরবর্তীতে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করা হয়।