☰
✕

কোরআনের শিক্ষাকে ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানালেন জামায়াত আমির

১৬ অক্টোবর, ২০২৬

কোরআনের শিক্ষাকে ধারণ করে সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, পবিত্র কোরআন মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআনকে বুকে ধারণ করার পাশাপাশি এর শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিরল আয়োজন আগে কোথাও হয়নি। এ আয়োজন বাস্তবায়নে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সমাজের মসজিদগুলোর ইমাম ও আলেম-ওলামারা যখন সমাজের নেতৃত্বে আসবেন, তখন সমাজ থেকে অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই কুরআন যাঁদের বুকের মধ্যে ধারণ করার শক্তি দিয়েছেন, তাঁরা যেন কুরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের জন্য নেতৃত্ব দিতে পারেন। আমরা মেহরাব থেকে নেতৃত্বের আসনে আপনাদের দেখতে চাই।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং হাফেজ খালিদ সাইফুল্লাহ বকসিস অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা যায়নুল আবেদিন, হুফফাতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক উপস্থিত ছিলেন।