১৭ অক্টোবর, ২০২৬
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে ঢাকা ক্লাব। ৩০ ওভারের প্রীতি ম্যাচে গুলশান ক্লাবকে ৮৩ রানে হারিয়েছে তারা।
দলের জয়ে ব্যাট হাতে ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন আরসলান রহমান। অন্যদিকে, বল হাতে চার উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এনায়েত।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে ঢাকা ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন আরসলান রহমান।
৬১ বলের ইনিংসটি তিনি সাজান আটটি চারে। এছাড়া, তানভীর ৩১ বলে অপরাজিত ৩৯ রান করেন।
মশিউর আলম মিঠুনের ব্যাট থেকে আসে ২৪ রান। মোহাম্মদ আলী আজম করেন ২০ এবং শাবাব জামিল করেন ১৬ রান।
গুলশান ক্লাবের হয়ে বল হাতে সানবীর আহমেদ ও গুদ্দু দুটি করে উইকেট নেন। আলী শাহ, তানভীর পাশা ও রায়ান শরীফ দীপ্র একটি করে উইকেট পান।
জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে গুলশান ক্লাব। প্রথম ওভারেই সৈয়দ নওশাদকে হারায় তারা। চার বলে আট রান করে ফেরেন এই ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি।
ফারহান ১০ রান করে আউট হওয়ার পর এহসানও ফিরে যান। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি আমির। মশিউর আলম মিঠুনের স্পিনে ৬ বলে ৯ রান করে ফেরেন তিনি। নিজের পরের ওভারেই আবার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আরও চাপে ফেলেন মিঠুন। পরে তানভীরকে ফিরিয়ে দেন এনায়েত।
মাঝে গুদ্দু ও হার্শের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গুলশান ক্লাব। দুজনের জুটিতে আসে ৩২ রান। ২১ বলে ৩২ রান করে হার্শ আউট হলে ভাঙে সেই প্রতিরোধ। এরপর ২৪ বলে ১৮ রান করা গুদ্দুকেও ফিরিয়ে দেন এনায়েত।
শেষ দিকে সানবীর আহমেদকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন এনায়েত। অন্যদিকে শেষ ব্যাটার রায়ানকে ফিরিয়ে গুলশান ক্লাবের ইনিংসের সমাপ্তি টানেন জায়ান।
শেষ পর্যন্ত ২৪.৩ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় গুলশান ক্লাব। ফলে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্লাব।