১৭ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবরে একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকার ‘আসলাম বিরিয়ানি’ নামের দোকানে এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতির পর সেখানে অর্ডার দেওয়া খাবার নিতে কেউ আসেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর বুরুন্দি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন এবং তাঁদের জন্য স্থানীয় একটি বিরিয়ানির দোকানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে—এমন তথ্য পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ।
দোকানের পরিচালক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন অর্ডারকারীরা। তাঁরা জানিয়েছিলেন, শুক্রবার জুমার নামাজের পর দোকানে বসে খাবেন। তবে দুপুরে পুলিশ দোকানে অবস্থান নেওয়ার পর অর্ডারকারীদের কেউ সেখানে আসেননি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জুমার নামাজের পর সেখানে দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এরপরই আমরা সেখানে অবস্থান নিই। পরবর্তী সময়ে কাউকে মিছিল করতে দেখা যায়নি। বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের ব্যাপারে পুলিশ সোচ্চার রয়েছে।