১৭ অক্টোবর, ২০২৬
বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের বেপরোয়া মারধরে বড় ভাই সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সিরাজের ছেলে জহুরুল ইসলাম (৪৩) শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে নাকুয়া গ্রামের তোজাম সরকার (৫৫) ও তার ছেলে কাওসার আলীকে (২৬)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন কিছুদিন আগে একই গ্রামের তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নেন। নির্ধারিত সময়ে সেই সুদের টাকা পরিশোধ করতে না পারায় গতকাল রাতে নাকুয়া গ্রামে ছানোয়ারের বাড়ির আঙিনায় ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। ছোট ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে তাকে রক্ষা করতে দ্রুত এগিয়ে যান বড় ভাই সিরাজ। এ সময় হামলাকারীরা সিরাজের ওপরও চড়াও হয় এবং তাকে পেটাতে থাকে। একপর্যায়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সিরাজ মারা যান।
ঘটনায় আহত ছানোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তোজাম সরকার ও তার ছেলেকে গ্রেপ্তার করে। দায়ের করা হত্যা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।