১৭ অক্টোবর, ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রমের সময় সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেলের ট্যাংকারটিতে আগুন লেগে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটি অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, জাহাজটিতে থাকা তেলের পরিমাণ ছিল ২০ লাখ ব্যারেলের বেশি। সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লাগার পর জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
ইরানি বাহিনীর অভিযোগ, ট্যাংকারটি চলাচলের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা ও রাডার বন্ধ করে দিয়েছিল। পরে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে জাহাজটি।ৎ
বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছে দেশটির নৌবাহিনী।
তবে ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ এটি, হতাহতের সংখ্যা এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না—এসব বিষয়ে দেওয়া তথ্যে বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ ঘটনায় আইআরজিসির দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও এখানে পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহণ করা হয়। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে প্রভাব পড়তে পারে।