☰
✕

বগুড়ায় ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

১৭ অক্টোবর, ২০২৬

বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম- মমতা (৩৩)। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।

জানা গেছে, শনিবার সকালে নারুলী এলাকায় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী পদ্মরাগ (টি ওয়ান আপ) মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

রেললাইন থেকে মরদেহটি সরিয়ে নেওয়ার আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ বর্তমানে স্টেশনে আছে, আত্মীয়-স্বজন আসছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।