☰
✕

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’ : বিধায়ক অনন্ত কুমার সিং

১৭ অক্টোবর, ২০২৬

ভারতের বিহারের রাজনীতিতে ৯টি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধায়ক অনন্ত কুমার সিং। প্রথমে তিনি দাবি করেন, সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সহায়তা করতে তিনি ৯টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন। তবে পরে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে দৈনিক যুগান্তর।

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিহার বিধান পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিরজ কুমারকে প্রার্থী করায় দলের ওপর ক্ষুব্ধ ছিলেন অনন্ত সিং। এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি নীতীশ কুমারের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ তোলেন।

অনন্ত সিং বলেন, নীতীশ কুমারের রাজনৈতিক সংকটের সময়ে তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে সহায়তা করতে নয়টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অনন্ত সিং অভিযোগ করেন, নিরজ কুমার অতীতে তার বিরোধিতা করেছিলেন। এমন একজনকে দল কেন প্রার্থী হিসেবে বেছে নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা শক্তি সিং যাদব দাবি করেন, অনন্ত সিংয়ের মন্তব্য কার্যত নয়টি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। তিনি আরও অভিযোগ করেন, নীতীশ কুমারের রাজনৈতিক উত্থানের সঙ্গে বিহারের বিভিন্ন অপরাধী চক্রের সংশ্লিষ্টতা ছিল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেডিইউ। দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, নীতীশ কুমারের ভাবমূর্তি স্বচ্ছ এবং অপরাধীদের সঙ্গে আঁতাত বা সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অনন্ত সিংয়ের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অনন্ত সিং বলেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন এবং তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

বিহারে নির্বাচনী তৎপরতার মধ্যে এ বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহার বিধান পরিষদের আটটি আসনে দ্বিবার্ষিক নির্বাচন ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এবং ২৭ অক্টোবর ভোট গণনার তারিখ নির্ধারিত রয়েছে।