১৭ অক্টোবর, ২০২৬
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও দাবি জানিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।