১৭ অক্টোবর, ২০২৬
আজারবাইজানে অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ও ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজ বিকেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের পৃষ্ঠপোষক হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করে বাফুফে।
ফিফার অধিভুক্ত সকল দেশই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বিশ্বকাপ নাম দিলেও এটা মূলত ফেস্টিভাল। প্রতি দলে আট জন করে খেলোয়াড়। বিশ মিনিট করে ম্যাচ। বাংলাদেশের গ্রুপে রয়েছে বরুন্ডি, পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া ও ফিজি।
এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘সিনিয়র জাতীয় দলে আমরা নাম্বার নাইন খুজছি। এই টুর্নামেন্ট থেকে চাই বাংলাদেশ ম্যাচগুলোতে গোল করুক। ভবিষ্যতে জাতীয় দলের জন্য যেন নাম্বার নাইন পাই।’
আজারবাইজানে টুর্নামেন্টে যাতায়াত ও অন্যান্য ব্যয় ফিফা বহন করবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কতটুকু অর্থ দিচ্ছে বাফুফেকে সেটা জানাননি সভাপতি। অ-১৫ জাতীয় টুর্নামেন্টে স্পন্সর ছিল ইউসিবি ব্যাংক। ওই টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই করেই মূলত বিশ্বকাপের জন্য দল গঠন হয়েছে। বিশ্বকাপগামী দলে পৃষ্ঠপোষক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কেন এমন প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি বলেন, ‘ইউসিবি সিনিয়র জাতীয় দলের স্পন্সর। তারা বাফুফের সঙ্গেই রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদের নতুন পার্টনার। তারা অ-১৫ দলের পাশাাপশি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকবে।’