১৮ অক্টোবর, ২০২৬
চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের মা ইলিশ রক্ষা অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে ১৯ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এসব জেলেদের হেফাজতে থাকা ৪টি মাছ ধরার নৌকা, ৮ কেজি ইলিশ ও ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।
পুলিশ জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ-পুলিশের একটি বিশেষ দল চাঁদপুর সদর নৌ-থানা এলাকার নদীপথে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ৪টি ইঞ্জিনচালিত নৌকা ও ১৯ জেলেকে গ্রেফতার করা হয়। একই সময় ৮ কেজি ইলিশ মাছ ও ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক ৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দ মাছ ধরার নৌকা থানা হেফাজতে রয়েছে।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, মা ইলিশের প্রজনন ও বংশ বিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।