১৯ অক্টোবর, ২০২৬
আলিম পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২৭ সালের আলিম পরীক্ষা থেকে নিয়মিত পরীক্ষার্থীদের বিষয় কোড পরিবর্তন করা হচ্ছে। এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সঙ্গে সমন্বয় করে আলিম স্তরের বিষয় কোডগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে।
এখন থেকে মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ শিক্ষার্থীদের জন্য এ বিষয় কোড ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে আলিম পরীক্ষা ২০২৭ এ অংশগ্রহণকারী নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বরবণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ বিষয়ে বব্যস্থা নিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের উদ্দেশ্যে মাদ্রাসা শিক্ষাধারার আলিম স্তরের বিষয় কোডগুলো সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে পুরোনো ও নতুন বিষয় কোডের তালিকাও প্রকাশ করা হয়েছে। নতুন কোডগুলো ২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।
ফলে, আলিম পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোডগুলো বহাল থাকবে।