☰
✕

দুর্গাপূজা নিরাপদ করতে তৎপর সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

২০ অক্টোবর, ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।