২০ অক্টোবর, ২০২৬
যুক্তরাজ্যের এসেক্সে ব্রিটিশ প্রতিষ্ঠান এনস্কেলের একটি ডেটা সেন্টার প্রকল্প থেকে সরে গেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতায় প্রকল্পটির কাজ বিলম্বিত হচ্ছিল। শেয়ারবাজার থেকে প্রায় ৩০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনার মধ্যে থাকা এনস্কেলের জন্য এটি একটি বড় ধাক্কা।
এসেক্সের লাউটন এলাকার ওই ডেটা সেন্টারের প্রধান ভাড়াটে হওয়ার কথা ছিল মাইক্রোসফটের। চুক্তি বাতিলের নির্দিষ্ট কারণ না জানালেও মাইক্রোসফট এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এনস্কেল জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার এই সংকটে তাদের অন্য চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়েনি এবং মাইক্রোসফটের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘমেয়াদি ও শক্তিশালী রয়েছে।
এনস্কেল মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য বিশাল কম্পিউটার অবকাঠামো নির্মাণকারী ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে চলতি মাসেই অর্থ সংগ্রহ করতে চাইছে তারা। প্রতিষ্ঠানটির প্রায় ৮৫ শতাংশ চুক্তিই মাইক্রোসফট ও অ্যানথ্রপিকের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে। তাই প্রধান গ্রাহক সরে যাওয়ায় তাদের আইপিও পরিকল্পনা বেশ অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে এনস্কেলের মুখপাত্র জানিয়েছেন, তারা লাউটন প্রকল্প নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিকল্প বিদ্যুৎ উৎস খুঁজছেন। তবে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এনস্কেলের নরওয়ের প্রধান প্রকল্পটিও ছয় মাস পিছিয়ে রয়েছে। ডেটা সেন্টারের এমন ব্যাপক সম্প্রসারণ ও বিপুল ঋণ নিয়ে বাজারের বিনিয়োগকারীদের মধ্যেও বর্তমানে উদ্বেগ কাজ করছে।