২০ অক্টোবর, ২০২৬
নেত্রকোণা জেলায় চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার দায়ে দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নেত্রকোণা পৌরসভার মোক্তারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮’ -এর বিধি ৭(২) লঙ্ঘনের দায়ে নিউ সুরক্ষা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামক দুইটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে তাদেরকে বিধিমালা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।