☰
✕

শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে ঢাবিতে সেমিনার ২২ নভেম্বর

২০ অক্টোবর, ২০২৬

শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা জোরদার এবং উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে আগামী ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক সেমিনার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারটি রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সেমিনারটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত কমিটির এক প্রস্তুতি সভা আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক ও উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ূব এবং হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সেমিনারে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। 

সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশগ্রহণ করবেন।

শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করা, উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে সেমিনারে আলোচনা করা হবে।

এ আয়োজনের মাধ্যমে শিল্প ও একাডেমিক অঙ্গনের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা এবং এ ক্ষেত্রে সরকারের নীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।