২০ অক্টোবর, ২০২৬
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে বিপদে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে আফগানিস্তান।
বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিনত হয়েছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শেষ ম্যাচ টাইগারদের জয়ের পাশাপাশি নেট রান রেটে এগিয়ে থাকতে হবে।
গতকাল আবুধাবিতে প্রথমে ব্যাট করে সাদিকুল্লাহ অটলের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৯৪ রান করে আফগানিস্তান। দলের হয়ে সাদিকুল্লাহ ১১০ বলে ৮টি চার আর এক ছক্কায় ১০১ রান করেন। তাবে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওপেনার ইবরাহিম জাদরান। তিনি ৯৬ বলে ৯টি চার আর দুটি ছক্কায় ৯০ রান করে ফেরেন। ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি। তার আগে অবশ্য সাদিকুল্লার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের পার্টনারশিপ গড়েন।
টার্গেট তাড়া করতে নেমে রশিদ খানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৩৮.৪ ওভারে ১৩৬ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। এছাড়া ব্রায়ান বেনেট ও রায়ান বুর্ল ৩১ রান করে করেন। আফগানিস্তানের হয়ে ৮ ওভারে মাত্র ১৭ রানে ৪ উইকেট নেন রশিদ খান।
অবশ্য ২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ১৯৬ রান অতিক্রম করলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা পেত। কারণ তারা প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারায়। যেহেতু এখনো কোনো দল ফাইনালে জায়গা করে নিতে পারেনি কাজেই তিন দলের সামনেই সুযোগ আছে ফাইনালে ওঠার।
আগামীকাল বাংলাদেশ যদি হেরে যায় তাহলে কোনো সমীকরণ আর কাজে দেবে না। তখন ফাইনালে চলে যাবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ফাইনালে যেতে হলে বাংলাদেশকে জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থাকতে হবে।