২০ অক্টোবর, ২০২৬
বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে নাটোর জেলার বাগাতিপাড়ায় সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
জেলা প্রশাসক বলেন, মাদক শুধু মাদকসেবীর জীবনই ধ্বংস করে না, সমাজ ও রাষ্ট্রের জন্যে অপূরণীয় ক্ষতি করে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি, বাল্যবিয়ের কারণে শুধু শিক্ষার্থীর শিক্ষা জীবনই নয়, তাদের শারিরিক, মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হয়। তাই এসব সামাজিক ব্যাধি থেকে আমাদের সম্ভাবনাময় আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। একই সাথে পরিবেশের সুরক্ষা প্রদানে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
উপজেলা নির্বাহী কমৃকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সৈকত রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং গাছের চারা প্রদান করা হয়।