☰
✕

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

২১ অক্টোবর, ২০২৬

রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজার প্যান্ডেল ও লাইটিং সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল উদ্দিন (১৯) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজীব মৌজার চৈতার মোড় দিঘলটারী দুর্গামন্দিরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উদ্দিন ওই ইউনিয়নের মণ্ডলটারী মধুপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি মধুপুর বাজারের জামাল উদ্দিনের মালিকানাধীন মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল, বৈদ্যুতিক ও লাইটিং সরঞ্জাম খুলে নেওয়ার কাজ চলছিল। শাকিলসহ কয়েক কর্মী কাজ করছিল। প্যান্ডেল খোলার পর বৈদ্যুতিক লাইন ও লাইটিং সরঞ্জাম খুলতে গিয়ে জেনারেটরে হাত দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এ সময় মন্দিরে উপস্থিত লোকজন ও দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের মরদেহ তার নিজ বাড়িতে নেয়া হয়েছে।  

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল চন্দ্র মণ্ডল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।