২২ অক্টোবর, ২০২৬
পদ্মা নদীর লৌহজং অংশে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে এ অভিযানে গত দুই দিনে ২২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর নেতৃত্বে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত তদারকির অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করে। ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালনা করা হয় ।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জে পদ্মা নদীর লৌহজং অংশ ইলিশ প্রজননের অন্যতম প্রধান কেন্দ্র। বর্তমানে ইলিশের প্রজনন মৌসুম। মা ইলিশ সংরক্ষণে সারাদেশে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২২ জেলেকে কারাদণ্ড এবং প্রায় দেড় লক্ষ মিটার জাল জব্দ করা হয়।
ইউএনও ফারজানা ববি মিতু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত জেলেদের জেল হাজতে প্রেরণ এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও অভিযানে জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।