☰
✕

কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

২৩ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন।

প্রধান অতিথি বলেন, সন্তানের অন্যায় আবদার পূরণ করতে গিয়ে অভিভাবকেরা তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দিচ্ছেন। কিন্তু মোবাইল কিনে দেওয়ার মাধ্যমে কী তারা সন্তানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন না? একইভাবে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণিতে উঠলেই সন্তানকে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

তিনি আরও বলেন, মোটরসাইকেল পাওয়ার পর কিশোরদের বন্ধুমহল বড় হয়। একপর্যায়ে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর ঝুঁকি তৈরি হয়। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম জনি।

অনুষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৭০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।