২৪ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, জুয়া আইনে তিনজন, ডাকাতির অভিযোগে তিনজন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) তিন আসামি এবং মাদকসেবী হিসেবে ১৭ জন রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি মাকসুদুল হাসান রিয়াদ সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বৈষম্যবিরোধী মামলার আসামি মো. জহিরুল ইসলাম জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
এছাড়া মাদক মামলায় আলী নুর ও মো. আলাউদ্দিন; ডাকাতির অভিযোগে লিমন, মো. বাবু ও মো. সুমন; জুয়া আইনে আবু সিদ্দিক, হযরত আলী ও মো. সামসুল হক এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সাবিনা, আল আমিন ও মোসা. রেহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ১৭ জনকে কেবল মাদকসেবী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।