☰
✕

গুলি-কাণ্ডের পর ফ্ল্যাট বিক্রি, প্রাণভয়ে মুম্বাই ছাড়ছেন টাইগার?

২৫ অক্টোবর, ২০২৬

টাইগার শ্রফের ওপর গুলি ছোড়ার পর থেকে কাঁপছে বলিউড। তাবড় তারকারা তুলেছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। মায়ানগরীতে যখন চাপা আতংক তখন নিজের ফ্ল্যাট বিক্রি করলেন টাইগার। তবে কি মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন অভিনেতা? কৌতূহল অনেকের। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয় কোটি রুপিতে মুম্বাইয়ের ফ্ল্যাটটি বিক্রি করেছেন টাইগার। ফ্ল্যাটটি রুস্তমজি প্যারামাউন্ট ডি কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নয় তলায়। যার কার্পেট এরিয়া ১,২৯১.১৪ বর্গফুট এবং অতিরিক্ত এক্সক্লুসিভ এরিয়া ৯৫.৮০ বর্গফুট। প্রতি বর্গফুট প্রায় ৬৪,৮৯১ রুপিতে বিক্রি হয়েছে। স্ট্যাম্প ডিউটি বাবাদ বরাদ্দ ৫৪ লাখ রুপি। ২০১৮ সালের ১৭ জুলাই ৭.৬১ কোটিতে ফ্ল্যাটটি কিনেছিলেন অভিনেতা। 

তবে এ খবরে যারা ভাবছেন প্রাণভয়ে সব বেচাবিক্রি করে মুম্বাই ছাড়ছেন টাইগার; তাদের ধারণা ভুল। কেননা এর আগেও একাধিক ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। চলতি বছর পুনের ফ্ল্যাটটিও বিক্রি করেন। ২০২৪ সালে ৭.৫ কোটিতে কিনেছিলেন। বিক্রি করেছেন ৮.৮৭ কোটিতে। বছর খানেক আগে আরও একটি ফ্ল্যাট বিক্রি করেন তিনি। ২০১৮ সালে ১১.৬২ কোটিতে কিনেছিলেন সেটি। ছেড়ে দেন ১৫.৬ কোটিতে।

গেল ১৮ অক্টোবর গুলি ছোড়া হয় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে। এদিন অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে আততায়ীর ছোড়া গুলি থেকে রক্ষা পেলেও শরীরের একাধিক স্থানে জখম হয় তার। গুলিবিদ্ধা হয় অভিনেতার গাড়িচালকসহ দুইজন। হামলার পরপর দায় স্বীকার করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।