☰
✕

ব্যবসায়ীরা সহযোগিতা করলে অগ্নিদুর্ঘটনা কমানো সম্ভব: ডিএসসিসি প্রশাসক

২৬ অক্টোবর, ২০২৬

আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, পুরান ঢাকার ব্যবসায়ীরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে অনেক অগ্নিদুর্ঘটনা এড়ানো সম্ভব।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর চকবাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে ডিএসসিসির উদ্যোগে অগ্নি নিরাপত্তাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। অতীতে কেমিক্যালের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের দ্রুত প্রবেশের পথ উন্মুক্ত রাখা জরুরি।

মৌলভীবাজার, চকবাজার, সোয়ারীঘাট ও সদরঘাটের ব্যবসায়িক ঐতিহ্য পুনর্বহালের ওপর গুরুত্ব দিয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শুধু সমস্যার কথা না বলে সমাধানের পরামর্শও দিন। আপনাদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করব।

এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও ডিএসসিসির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।