২৬ অক্টোবর, ২০২৬
লক্ষ্মীপুরে গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে তিনি এলাকায় ‘মাদক ব্যবসার’ সঙ্গে জড়িত।
আর মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রাত ১১টার দিকে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ বাগানটিতে ফেলে রেখে গেছে।
নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে।
তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কে বা কারা গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে জুয়েলকে হত্যার পর বাগানে মরদেহ ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।
ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিল। মাদক নিয়ে দ্বন্দ্বেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতসহ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।