২৬ অক্টোবর, ২০২৬
দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ সাফল্য অর্জন করেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের কারাতে খেলোয়াড়রা। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির খেলোয়াড়রা একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক অর্জন করেছে।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে গত ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে ১ হাজার ৭৯ জন তরুণ কারাতে খেলোয়াড় অংশ নেয়।
সাউথ পয়েন্টের পদকজয়ীদের মধ্যে তাজরিয়ান মেহজাবিন খান ব্যক্তিগত কাতায় স্বর্ণ এবং ক্যাডেট কুমিতে ব্রোঞ্জ পদক অর্জন করে। নাজমুল হাসান আবির জুনিয়র পুরুষ ব্যক্তিগত কুমিতে রৌপ্য এবং তাহিয়াদ ইসলাম অনূর্ধ্ব-১২ ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক লাভ করে।
অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিনিধিত্বকারী অন্যান্য স্কুলের খেলোয়াড়রা সম্মিলিতভাবে একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক অর্জন করেছে। এ দলের শামীনা সুলতানা জুনিয়র (১৬–১৭ বছর) বিভাগে কাতায় স্বর্ণপদক জিতেছে। আহিয়ান ব্যক্তিগত কুমিতে এবং মো. জুবায়ের আলম জিসান ১০–১১ বছর বয়সী অনূর্ধ্ব-৪৫ কেজি কুমিতে রৌপ্য পদক পেয়েছে। এ ছাড়া শাহিরা তাসনিম ও রিফা তাসফিয়া আরবি ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি প্রকৌশলী আবদুস সোবহান, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.) এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।