☰
✕

৩১তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের চাওয়া

২৬ অক্টোবর, ২০২৬

তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় বসছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন-কপ৩১। আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন জানিয়েছে। তুরস্কের আনতালিয়ার এ সম্মেলনের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে কনভেনশনের ৩১তম অধিবেশন কপ ৩১-এর পাশাপাশি কিয়োটো প্রটোকলের ২১তম অধিবেশন এবং প্যারিস চুক্তির আওতাধীন পক্ষগুলোর ৮ম অধিবেশন অনুষ্ঠিত হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদার, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, অভিযোজন কার্যক্রম, জলবায়ু অর্থায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য সহায়তা বাড়ানোর বিষয়গুলো সম্মেলনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সম্মেলনে জলবায়ু অর্থায়ন ও ২০৩০ সালের আগে উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপ নিয়েও উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে ১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। তুরস্কের প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী,এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিশ্বনেতারা নতুন ও বাস্তবায়নযোগ্য জলবায়ু অঙ্গীকার ঘোষণা এবং জলবায়ু সংকট মোকাবিলায় রাজনৈতিক গতি তৈরির সুযোগ পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, পর্যবেক্ষক সংগঠন, বিজ্ঞানী, পরিবেশবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন। এরই মধ্যে এ অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশের জন্যও আনতালিয়া সম্মেলন গুরুত্বপূর্ণ। জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহায়তা বাস্তবায়নের মতো বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে। আগামী নভেম্বর বাংলাদেশের জন্য এক বিরল সন্ধিক্ষণ। একদিকে ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় বসছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১, অন্যদিকে এই একই মাসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হওয়ার প্রস্তাবনা উঠবে।

এবারের সম্মেলনের আয়োজক তুরস্ক, দর-কষাকষির নেতৃত্বে অস্ট্রেলিয়া, আর প্রাক-সম্মেলন বসছে প্রশান্ত মহাসাগরের দুই দ্বীপরাষ্ট্র ফিজি ও টুভালুতে। আয়োজকেরা একে বলছেন ‘বাস্তবায়নের সম্মেলন’, অর্থাৎ নতুন প্রতিশ্রুতি নয়, পুরোনো অঙ্গীকার মাঠে নামানোর পালা। এই দুই ঘটনার সংযোগেই বাংলাদেশের এবারের অবস্থানের মূল সুরটি বাঁধা উচিত।

এত দিন বাংলাদেশ জলবায়ু অর্থায়ন, বিশেষ বাণিজ্যসুবিধা ও কারিগরি সহায়তার অনেকটা পেয়ে এসেছে স্বল্পোন্নত দেশের পরিচয়ের সূত্রে। যদি উত্তরণের জন্য তিন বছর সময়ও পাই, এরপর সেই অগ্রাধিকারের দরজাগুলো একে একে সরু হয়ে আসবে। অথচ বৈশ্বিক জলবায়ু ঝুঁকির সূচকে বাংলাদেশ এখনো বিশ্বের সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ, যদিও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে আমাদের অবদান আধা শতাংশেরও কম। মাথাপিছু আয় খানিকটা বাড়ল বলে একটি বদ্বীপের বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা কিংবা নদীভাঙনের ঝুঁকি একবিন্দুও কমেনি।

তাই কপ৩১-এ বাংলাদেশের প্রথম ও কৌশলগত দাবিটি এখনই স্পষ্ট হওয়া উচিত: জলবায়ু অর্থায়নের মাপকাঠি হোক আয় নয়, ঝুঁকি। আর উত্তরণ যেন শাস্তিতে পরিণত না হয়, সে জন্য চাইতে হবে উত্তরণ-পরবর্তী একটি বিশেষ সহায়তার সুযোগ, যাতে উত্তরণের অন্তত পাঁচ থেকে সাত বছর আমরা আগের মতোই সহজ শর্তে জলবায়ু তহবিলে প্রবেশ করতে পারি।

অর্থের পরিমাণ নয়, চরিত্র

আমাদের আলোচনায় জলবায়ু অর্থায়নকে প্রায়ই কেবল অঙ্কের হিসাবে দেখা হয়, কত বিলিয়ন এল সেটিই যেন সাফল্যের একমাত্র মাপকাঠি। কিন্তু আমার কাছে প্রশ্নটি ভিন্ন: অর্থ কোন চরিত্রে আসছে, অনুদান নাকি ঋণ? গত দুই সম্মেলনে ঘোষিত বছরে ৩০০ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন লক্ষ্য এবং ২০৩৫ সালের মধ্যে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অঙ্গীকার শুনতে বড়, কিন্তু এর বড় অংশ যদি ঋণের মোড়কে আসে, তবে যে সংকটের জন্য বাংলাদেশ কার্যত দায়ী নয়, সেটি সামলাতে গিয়েই দেশটির ঋণের বোঝা বাড়বে। এ এক নিষ্ঠুর পরিহাস। বাংলাদেশের নিজের জাতীয় অভিযোজন পরিকল্পনা বলছে, ২০৫০ সাল পর্যন্ত প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন ডলার, যার একটি বড় অংশ, বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার, আসতে হবে বাইরের উৎস থেকে। এই বিপুল চাহিদার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের দাবি হওয়া উচিত অভিযোজন ও ক্ষয়ক্ষতির ক্ষেত্রে অনুদান ও সহজ শর্তের অর্থায়ন, যাতে আজকের দুর্যোগ আগামী প্রজন্মের ঋণে পরিণত না হয়।

গত সম্মেলন অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সময়সীমা ২০৩০ থেকে ঠেলে ২০৩৫-এ নিয়ে গেছে; যাদের ঘরে আজ পানি উঠছে, তাদের জন্য এই পাঁচ বছরের বিলম্ব বিলাসিতা। বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থা সম্প্রতি জলবায়ু-বরাদ্দের লক্ষ্য শিথিলের ইঙ্গিত দিয়েছে, ধনী দেশগুলোর কারো কারো পিছুটানও আছে। এই অনিশ্চয়তার বাজারে অনুমেয় ও দীর্ঘমেয়াদি অর্থায়নের নিশ্চয়তা আদায় করাই আমাদের কূটনীতির মূল লক্ষ্য হওয়া চাই।

ক্ষয়ক্ষতি: কাগজ থেকে হাতে

ক্ষয়ক্ষতি মোকাবিলার আন্তর্জাতিক তহবিল কাগজে-কলমে গঠিত হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের হাতে অর্থ এখনো পৌঁছায়নি। বাংলাদেশের দাবি হওয়া উচিত এই তহবিলকে সরাসরি জাতীয় পর্যায়ে ব্যবহারযোগ্য ও দ্রুত ছাড়যোগ্য করা। নদীভাঙনে এক রাতে গ্রাম বিলীন হলে সেই পরিবার তিন বছরের প্রকল্প প্রস্তাব লিখে অপেক্ষা করতে পারে না; তাই দরকার একটি দ্রুত সাড়ার ব্যবস্থা। একই সঙ্গে ভিটেমাটি, ভাষা কিংবা সংস্কৃতি হারানোর মতো যেসব ক্ষতি টাকায় মাপা যায় না, তারও স্বীকৃতি এই কাঠামোয় থাকা চাই।

বাংলাদেশের রপ্তানির চতুর্থ-পঞ্চমাংশই যেখানে পোশাক এবং তার অর্ধেকের বেশি যায় ইউরোপে, সেখানে এটি নিছক পরিবেশ-বিতর্ক নয়, আমাদের অর্থনীতির টিকে থাকার প্রশ্ন। হিসাব বলছে, পোশাক এই করের আওতায় এলে প্রায় ৪ দশমিক ৮ শতাংশ বাড়তি বোঝা যুক্ত হতে পারে, আর উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারানোর ধাক্কা মিলিয়ে মোট বোঝা ঠেকতে পারে ১৭ শতাংশের কাছাকাছি।

অর্থাৎ উত্তরণ আর কার্বন কর, দুই আঘাত আসছে প্রায় একসঙ্গে। কপ৩১-এ তাই বাংলাদেশের অবস্থান হওয়া উচিত দ্ব্যর্থহীন: কার্বন কমানোর নামে যেন উন্নয়নশীল দেশের সামনে নতুন বাণিজ্যপ্রাচীর তৈরি না হয়। আমরা শিল্পের সবুজ রূপান্তরে রাজি, কিন্তু তার জন্য চাই প্রযুক্তি, অর্থ ও যুক্তিসংগত সময়। গত সম্মেলনে এই কর নিয়ে যে বৈশ্বিক উত্তেজনা তৈরি হয়েছিল, তা থেকেই এ বছরের জুন থেকে বাণিজ্য ও জলবায়ু নিয়ে বার্ষিক সংলাপ শুরু হয়েছে।

সেই মঞ্চে বাংলাদেশকে পোশাক, চামড়া, সিমেন্টের মতো খাতের সবুজ রূপান্তরের জন্য ন্যায্য সহায়তার দাবি জোরালোভাবে তুলতে হবে। তবে এই রূপান্তর হতে হবে ন্যায্য: পোশাকশিল্পের নারী শ্রমিকসহ প্রান্তিক মানুষের জীবিকা যেন সবুজ অর্থনীতির পথে ক্ষতিগ্রস্ত না হয়ে বরং সুরক্ষা পায়, সেটিও একই সঙ্গে চাইতে হবে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ধারাবাহিকতায় আনতালিয়ার কপ-৩১ বৈশ্বিক জলবায়ু নীতি ও অর্থায়নের ক্ষেত্রে নতুন সিদ্ধান্তের মঞ্চ হয়ে উঠবে -এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সূত্র: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন।