২৬ অক্টোবর, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জুয়েল আহমদকে (২৮) আটক করেছে পুলিশ।
নিহত আক্তার হোসেন উপজেলার দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। আর আটক জুয়েল একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আক্তারের পরিবারের সঙ্গে তার চাচা আব্দুল হালিমের ছেলেদের বিরোধ চলে আসছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে আক্তার পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আক্তার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ভাই জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গণি বলেন, বাড়ির পুকুর নিয়ে আক্তারের সঙ্গে আরেক পক্ষের বিরোধ ছিল। ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গত রাতে আক্তারের ওপর হামলা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ভোরে মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।