২৬ অক্টোবর, ২০২৬
চট্টগ্রামের পটিয়া উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামালের মৃত্যুর ঘটনায় তার স্বামী নুর উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজির পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত তানিয়া একই উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েক বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পারিবারিক সম্মতিতে তানিয়া ও নুর উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাস পর তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। বিভিন্ন সময়ে তানিয়ার পরিবারের কাছে যৌতুক, উপহারসহ বিভিন্ন দাবি করে তার শশুরবাড়ির লোকজন। সেই দাবি পূরণে ব্যর্থ হলে তার উপর নির্যাতন করা হয়। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েক দফা সালিস-বৈঠক হয়েছিল। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, রবিবার রাতে তানিয়া বিরিয়ানি খেয়েছিলেন। এরপর তার ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয় বলে পরিবারকে জানানো হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথে তানিয়ার মৃত্যু হয়েছে। তার গলায় দুটি দাগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে