২৬ অক্টোবর, ২০২৬
লালমনিরহাটের কালীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও গোপনে নগ্ন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. বেলাল হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে এসআরবি-১৩।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান।
রবিবার রাতে উপজেলার তুষভাণ্ডার বাজারের ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল হোসেন উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের আবদুল সাত্তারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে বেলালের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন ওই নারী। পরে জামিনে বেরিয়ে বেলাল তাঁকে বিয়ে করেন। তবে বিয়ের পর আগের মামলা তুলে নেওয়ার জন্য তিনি ওই নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ওই নারী তাঁকে তালাক দেন।
এজাহারে আরও বলা হয়, তালাকের পর বেলাল ক্ষুব্ধ হয়ে ওই নারীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও তাঁর মুঠোফোনে পাঠিয়ে দেখা করার জন্য চাপ দিতে থাকেন।
গত ৬ অক্টোবর ওই নারী কালীগঞ্জের সিরাজুল মার্কেটের কাছে পৌঁছালে বেলাল ও তার সহযোগীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে ভুল্লারহাট বাজারের মেহের আলীর বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে দুই দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ৮ অক্টোবর ওই নারীকে বেলালের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলাল ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। পরদিন ৯ অক্টোবর তার নগ্ন ভিডিও ধারণের চেষ্টা করা হলে তিনি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
নির্যাতনের শিকার ওই নারী প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ১৯ অক্টোবর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ২৫ অক্টোবর তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটির নম্বর ২৯।
মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। সংস্থাটি জানায়, গ্রেপ্তার বেলাল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এস.এম. মনজুরে মওলা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলাল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।