২৬ অক্টোবর, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জের আতাশুর রোডে প্লাস্টিকের খেলনা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাকিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পোস্তগোলা ও গুলিস্তান ফায়ার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়। আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ভবনের ভেতরে খেলনায় রং করার কাজে ব্যবহৃত রং ও থিনার ছিল। পুরো জায়গাটিই ছিল প্লাস্টিকের কারখানা। পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খেলনায় রং করার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা চোখে পড়েনি।
তিনি আরও বলেন, আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় ভবনটির কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি। ভবনটির অনুমোদন, অগ্নিনিরাপত্তা লাইসেন্স ও ফায়ার সেফটি প্ল্যান রয়েছে কি না, তা পরবর্তী সময়ে যাচাই করে জানানো হবে।
কারখানার শ্রমিক ফাতেমা বলেন, ‘আমরা বুঝে ওঠার আগেই বিকট একটি শব্দ হয়। পরে দেখি, ভবনের সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ছে। আমরা সবাই দ্রুত বের হয়ে আসি। আটতলায় রং করার কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা।’
অগ্নিকাণ্ডের পর কারখানাটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তবে অগ্নিনিরাপত্তা লাইসেন্সসহ অন্যান্য অনুমোদন রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের বিষয়ে কাজী নজমুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের দুজন পরিদর্শক এসব এলাকায় দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হচ্ছে। বিশেষ করে কেমিক্যাল কারখানাগুলো ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বারবার বলা হচ্ছে। সরু রাস্তা ও বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রতিষ্ঠানের কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে চ্যালেঞ্জ রয়েছে। এসব এলাকায় অগ্নিনিরাপত্তাব্যবস্থা জোরদারে ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আদনান জুলফিকারকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, আতাশুর এলাকায় আটতলা ভবনের খেলনা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।