২৭ অক্টোবর, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়াতে এবং খরচ কমাতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। এটি প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২৫ শতাংশ। সোমবার এক বিবৃতিতে মাইক্রোসফট এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও ব্রিটেনের নির্দিষ্ট কিছু দলের কর্মীরা এই প্রস্তাবের আওতাভুক্ত হবেন। তবে ডেটা সেন্টার, বিক্রয় ও বিপণনসহ কিছু বিভাগে কর্মরত কর্মীরা এই সুযোগ পাবেন না। মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ও তার নিচের পদের কর্মীরা এই প্রস্তাব গ্রহণ করতে পারবেন।
কর্মীদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান অ্যামি কোলম্যান বলেন, কর্মীদের কাজের ক্ষেত্রে আরও নমনীয়তা এবং নতুন কিছু করার সুযোগ তৈরি করতেই এই স্বেচ্ছায় বিদায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিল মাইক্রোসফট। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রায় ৭ শতাংশ কর্মীকে আগাম অবসরের সুযোগ দেওয়া হয়েছিল। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, সে সময় যোগ্য কর্মীদের প্রায় ৩০ শতাংশ এই অবসর পরিকল্পনা গ্রহণ করেছিলেন।
রেগুলেটরি ফাইলিং বা নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে মাইক্রোসফটের বিশ্বব্যাপী কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। তবে চলতি বছরের জুনের শেষে তা কমে ২ লাখ ২৩ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ, এর মধ্যেই প্রতিষ্ঠানটিতে কর্মীর সংখ্যা কমেছে। চলতি সপ্তাহের শেষ দিকে মাইক্রোসফট তাদের ত্রৈমাসিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।