☰
✕

এবিজি ইউনিভার্সিটি কাপে ড্যাফোডিলের টানা দ্বিতীয় জয়

২৮ অক্টোবর, ২০২৬

ম্যাচের শেষ মুহূর্তে সুলেইমান আব্দুল্লাহীর দুর্দান্ত গোলে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ফুটবলে এটি ড্যাফোডিলের টানা দ্বিতীয় জয়।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফারইস্টকে ১-০ গোলে হারায় ড্যাফোডিল। নির্ধারিত ৫০ মিনিটের খেলা প্রায় শেষ হওয়ার পথে থাকলেও দুই দলের কেউই গোলের দেখা পাচ্ছিল না। শেষ মুহূর্তে সুলেইমানের গোলে জয় নিশ্চিত হয় ড্যাফোডিলের।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখল ও আক্রমণ তৈরির লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। প্রথমার্ধে দুই দলই গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও উত্তেজনা কমেনি। গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় ড্যাফোডিল ও ফারইস্ট। তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষকদের দক্ষতায় দীর্ঘ সময় গোলশূন্য থাকে ম্যাচের স্কোরলাইন।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই নাটকীয়তার জন্ম দেন ড্যাফোডিলের স্ট্রাইকার সুলেইমান আব্দুল্লাহি। শেষ মুহূর্তে ফারইস্টের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠান তিনি। তাঁর সেই গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল।

এই জয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অন্যদিকে, শেষ মুহূর্তের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে।

উল্লেখ্য, আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে দেশের ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।