২৮ অক্টোবর, ২০২৬
পরমাণুচালিত সাবমেরিন থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়ার।দূরপ্রাচ্যের সমুদ্রসীমা থেকে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটি দেশের অপর প্রান্তে প্রায় ৬ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষাটি চালানো হয়। রাশিয়ার সুদূর কামচাটকা উপদ্বীপের কাছে ওখোটস্ক সাগরে পানির তলদেশে অবস্থানকালে 'জেনারেলাইসিমো সুভোরোভ' নামের কৌশলগত পরমাণু সাবমেরিন থেকে বুলাভা ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আরখানগেলস্ক অঞ্চলের কানিন উপদ্বীপে অবস্থিত নির্ধারিত চিজা টেস্ট রেঞ্জে পৌঁছায়। উৎক্ষেপণ স্থান থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ছিল প্রায় ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার কিলোমিটার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়েই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং পুরো মহড়াটি সম্পূর্ণরূপে সফল হয়েছে।
এ বিষয়ে রাশিয়া একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে প্রথমে সাবমেরিনটিকে সাগরে ভাসমান অবস্থায় এবং পরে সাবমেরিনের অভ্যন্তরে নাবিকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করতে দেখা যায়। এরপরই নিয়ন্ত্রণ কক্ষের একটি লঞ্চ বোতামে চাপ দেওয়ার দৃশ্য ফুটে ওঠে, আর ঠিক পর মুহূর্তেই রাতের অন্ধকারে সমুদ্রের বুক চিরে প্রকাণ্ড আগুনের গোলা ছড়িয়ে একটি ক্ষেপণাস্ত্র আকাশের দিকে তীব্র গতিতে ছুটে যায়।
রুশ সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি হিসেবে বিবেচিত আর-৩০ বুলাভা (ন্যাটো নাম: এসএস-এন-৩২) হলো একটি সাবমেরিন-লঞ্চড ব্যালাস্টিক মিসাইল। মস্কো ইনস্টিটিউট অফ থার্মাল টেকনোলজি এটি তৈরি করেছে এবং দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ২০২৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীতে এটি অন্তর্ভুক্ত হয়।
সলিড-ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ৯ হাজার ৩০০ কিলোমিটার। প্রায় ৩৭ টন ওজনের এই বুলাভা ক্ষেপণাস্ত্র একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।
যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার জন্য এর বুস্ট ফেজ অত্যন্ত সংক্ষিপ্ত রাখা হয়েছে এবং এর সাথে যুক্ত করা হয়েছে কৌশলগতভাবে দিক পরিবর্তনে সক্ষম রি-এন্ট্রি ভেহিক্যাল।