☰
✕

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৯ অক্টোবর, ২০২৬

ঢাকঢোল, রঙিন ধোঁয়া, শোভাযাত্রা ও নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে শহরের জিমখানা লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া নিতাইগঞ্জ এলাকায় রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে চক্ষুসেবা এবং দুই নম্বর রেলগেট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিকেলে শহরের মণ্ডলপাড়া সেতু থেকে চাষাঢ়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এতে জাতীয় পতাকা ও যুবদলের পতাকা বহন করেন নেতাকর্মীরা। ঢাকঢোল বাজিয়ে ও রঙিন ধোঁয়া ছড়িয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রয়েছে দীর্ঘ ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ইতিহাস। 

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে তারা আত্মনির্ভরশীল জাতি গঠনে কাজ করছেন। কেন্দ্রীয় নেতাদের সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গৌরব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।