২৯ অক্টোবর, ২০২৬
টানা সাতদিন ধরে অবরোধ অব্যাহত থাকায় স্থবির হয়ে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন। মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার সাধারণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিরা। ভোগান্তি বাড়ছে অসুস্থ রোগী ও চাষীদের। আবার অবরোধের সমর্থনে আন্দোলনে না নামলে সশস্ত্র সন্ত্রাসীদের মারধরের শিকার হচ্ছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) ছিল রাঙামাটিতে সাপ্তাহিক হাটের দিন। কিন্তু বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ইউনিয়ন ও সাজেক ইউনিয়েনের সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। খোলা হয়নি কোনো দোকানপাট। হাটের কোনো দোকানও বসেনি। এ অবস্থায় চাষীদের কষ্টের ফসল নষ্ট হচ্ছে।
অন্যদিকে, কার্বারি অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটির সদস্যরা অবরোধ সফল করতে প্রতিদিন কোনো না কোনো সড়কে ব্যারিকেড ও টায়ারে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। সকালে বাঘাইহাট মাচালঙ ১৪ কিলো, ২ নম্বর কালভার্ট, গঙ্গারাম লাদুমনি বাজার, বাঘাইহাট হাজাছড়া, ১০ নম্বরসহ পৃথক স্থানে আগুন জ্বালিয়ে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায় অবরোধকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী সড়কে থেকে জ্বলন্ত ড্রাম সরিয়ে দিয়ে সড়ক স্বাভাবিক করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘অবরোধের কারণে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কে অবরোধকারীদের অবস্থান নেই। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
জানা গেছে, গত সোমবার সাজেকের অবরোধের সমস্যা সমাধানের জন্য আন্দোলনকারীদের সঙ্গে জেলা প্রশাসনের তিন সদস্যবিশিষ্ট কমিটি এবং রাঙামাটি ও খাগড়াছড়ি সংসদ সদস্যরা দুই দফা বৈঠক করেও অবরোধের সমাধান করতে পারেনি।
কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটির সদস্যরা প্রথমে একটি দাবির নামে আন্দোলন শুরু করলেও এখন তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের কথা বলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির নেতা বাবুধন চাকমা।
উল্লেখ্য, সন্তু লারমার বাহিনী জেএসএসের অস্ত্রধারী সদস্যদের সাজেক থেকে সরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন ইউপিডিএফ সমর্থিত দুটি সশস্ত্র সংগঠন।