২৯ অক্টোবর, ২০২৬
বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় পাকিস্তানে মানুষের গড় আয়ু প্রায় ৩.৯ বছর কমে যাচ্ছে। এছাড়াও প্রতি বছরে প্রায় ১ লাখ ২৮ হাজার অকাল মৃত্যুর ঘটনা ঘটছে। ‘পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভ’-এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দূষণের কারণে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬.৫ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক বোঝা তৈরি করছে। এছাড়া লাহোরে দীর্ঘ সময় ধরে দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে মানুষের গড় আয়ু সাত বছর পর্যন্ত কমে যেতে পারে।
‘আনভেইলিং পাকিস্তানের এয়ার পলিউশন: আ ন্যাশনাল ল্যান্ডস্কেপ রিপোর্ট অন হেলথ রিস্কস, সোর্সেস, অ্যান্ড সলিউশনস’ শিরোনামের এই প্রতিবেদনে পাকিস্তানের জন্য প্রথমবারের মতো একটি সমন্বিত ও বহু-খাতভিত্তিক নিঃসরণ তালিকা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে বিভিন্ন শহরের বায়ু মানের মূল্যায়নও করা হয়েছে।
প্রতিবেদনটিতে লাহোর, করাচি, ইসলামাবাদ-রাওয়ালপিন্ডি এবং পেশোয়ারের মতো প্রধান শহরাঞ্চলের দূষণের ধরন বিশ্লেষণ করা হয়েছে। এতে প্রতিটি এলাকায় দূষণ নিঃসরণের প্রধান উৎসগুলো চিহ্নিত করা হয়েছে এবং এমন কিছু পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে, যা দূষণের মাত্রা ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
‘পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভ’-এর প্রতিষ্ঠাতা এই প্রতিবেদন প্রস্তুতকারী দলের সদস্য ছিলেন। তিনি জানান, এই মূল্যায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের বায়ু মানের পরিমাপ, স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য এবং স্থানীয় বিভিন্ন কার্যক্রমের উপাত্ত ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি ব্যবহারের পরিমাণ, যানবাহনের ধরন, শিল্পকারখানার তথ্য এবং বিভিন্ন খাত থেকে নির্গত দূষক পদার্থের উপস্থিতি পরীক্ষা করা হয়েছে।
এই বিশ্লেষণে সূক্ষ্ম বস্তুকণা, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড-এর মতো দূষকগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং চারটি শহুরে এলাকার প্রতিটি খাতের জন্য আলাদাভাবে নিঃসরণের মাত্রা মূল্যায়ন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লাহোরে বার্ষিক গড় পিএম ২.৫-এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ১১০ মাইক্রোগ্রামেরও বেশি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বার্ষিক নির্দেশিকা (প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম)-এর তুলনায় ২২ গুণেরও বেশি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে এই মাত্রার দূষণের সংস্পর্শে থাকলে লাহোরের বাসিন্দাদের গড় আয়ু সাত বছর পর্যন্ত কমে যেতে পারে।
শীতকালে তাপমাত্রা বিপরীতমুখী হওয়ার ঘটনা এই সমস্যাকে আরও জটিল করে তোলে। এতে দূষক পদার্থগুলোকে ওপরের দিকে ছড়িয়ে পড়তে বাধা দেয়, যার ফলে দূষিত বাতাস ভূপৃষ্ঠের কাছাকাছি জমা হতে থাকে। লাহোরে প্রাথমিক পিএম২.৫ নিঃসরণের প্রধান উৎস হিসেবে পরিবহন খাতকে চিহ্নিত করা হয়েছে, যা মোট নিঃসরণের ৩৫ শতাংশের জন্য দায়ী। এর পরেই রয়েছে শিল্প খাত (২৮ শতাংশ) এবং ইটভাটা (১৭ শতাংশ)।
এই উৎসগুলো শহরের বস্তুকণা দূষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, আর শীতকালীন আবহাওয়া পরিস্থিতি এই দূষণের প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। প্রতিবেদন অনুযায়ী, করাচির নিঃসরণের চিত্রটি ভিন্ন; সেখানে শিল্প কার্যক্রম মোট নিঃসরণের ৪৯ শতাংশের জন্য দায়ী।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।