২৯ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা, ভয়ভীতিসহ নানা বিষয় নিয়ে দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু করে জেলা নির্বাচন অফিস। আসনটির ১৮৫টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
আসনটিতে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রতীক দাঁড়িপাল্লা। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন বর্জনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। বুধবার শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে থাকতে চান তাঁরা। প্রশাসনের প্রস্তুতির ওপর এখনো আস্থা রয়েছে। তবে ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচনি প্রচারণায় বাধা, নেতা-কর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি কাজে ব্যবহারের অভিযোগ করেন তিনি।
অন্যদিকে উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে সব শ্রেণি-পেশার ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাবেন বলে তিনি আশাবাদী।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের ভোটগ্রহণে ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েনের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।