২৯ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ইজালউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কুষ্টিয়া সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬৭ জন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইজালউদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর দেড়িপাড়া এলাকার মৃত ওহাব আলীর ছেলে। জ্বর, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ২৩ অক্টোবর তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
মৃতের স্বজনরা জানান, ইজালউদ্দিন ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তাকে অন্যত্র নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬৭ জন। উন্নত চিকিৎসার জন্য আটজন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩২৬ জন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বাসসকে বলেন, ইজালউদ্দিন নামের ওই ব্যক্তি গত ২৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার সময় তার ডায়াবেটিসসহ আরটিআই (শ্বাসতন্ত্রের সংক্রমণ) ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।