☰
✕

বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন আর নেই

২৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেন বুধবার বিকাল ৪ টার দিকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সমন্বয়ক আলী সাদাত খান মজলিশ, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন।

শোক বার্তায় বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শেখ মহিউদ্দিন উল্লেখ করেন, মোঃ হারিক হোসেন বাংলাদেশের বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে আজীবন শ্রমিকদের পাশে ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের বিড়ি শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। শ্রমিকদের অধিকার আদায়ে তার নীতি ও আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।

ডা. শেখ মহিউদ্দিন হারিক হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

এছাড়া বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ হারিক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।