৩০ অক্টোবর, ২০২৬
কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি ও আরও একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকার আইনজীবী আলমগীর হোসেনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ-নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর থানায় মামলা করেছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।