☰
✕

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু

৩০ অক্টোবর, ২০২৬

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুর সম্রাট শচীন দেব বর্মনের স্মরণে কুমিল্লায় দুই দিনব্যাপী ‘শচীন মেলা-২০২৬’ আজ শুরু হচ্ছে। 

‘মর্ত্যরে রাজ্য ছেড়ে, সুরের সা¤্র্যাজ্যে’ প্রতিপাদ্য নিয়ে ৩০ ও ৩১ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ির প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। 

অক্টোবর মাসের প্রথম দিন (১ অক্টোবর) শচীন দেব বর্মনের জন্মদিন এবং শেষ দিন (৩১ অক্টোবর) তাঁর প্রয়াণ দিবস। কুমিল্লা জেলা প্রশাসন প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকে। শিল্পীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলায় থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রথম দিন আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ইউসুফ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

শচীন মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসি। কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

মেলার প্রথম দিনের আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু।

শচীন দেব বর্মনের সংগীত জীবন, সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতিকে ধারণ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মেলার আয়োজক কর্তৃপক্ষ।