৩০ অক্টোবর, ২০২৬
ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলে হিমবাহের হ্রদ থেকে পানি উপচে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকটি এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় দুই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোকে সতর্ক করেছে ভুটান সরকার।
শুক্রবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের গাসা জেলার শিনতাফু হ্রদে হিমবাহের পানি উপচে এ বন্যার সৃষ্টি হয়। এতে মো ছু নদীর তীরে অবস্থিত জনপ্রিয় প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ গাসা ছাচুর সব স্থাপনা পানির তোড়ে ভেসে গেছে। তবে আগেই এলাকাটি খালি করে নেওয়ায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মো ছু নদীর উৎসস্থলে অবস্থিত শিনতাফু হ্রদকে ভুটানের সম্ভাব্য বিপজ্জনক ১৭টি হিমবাহ হ্রদের একটি হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ২০২১ সালের ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় গাসা ছাচুর স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় মো ছু নদীর গতিপথ পরিবর্তন হয়ে উষ্ণ প্রস্রবণ এলাকায় পানি প্রবেশ করেছিল।
সর্বশেষ বন্যার পানি পুনাখা জেলার কাবেসা এলাকার স্রিগাং অতিক্রম করেছে। স্থানটি পুনাখা জং থেকে প্রায় আট কিলোমিটার দূরে।
বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের সামরিক মিশনের (ইইউফোর) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইতালির চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রশিক্ষণ অভিযান চলাকালে ইতালির সামরিক বাহিনীর চিনুক সিএইচ-৪৭ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। খবর গলফ নিউজের
ইইউফোর জানায়, নিয়মিত মিশনে থাকা হেলিকপ্টারটি বসনিয়ার ব্রচকো অঞ্চলে বিধ্বস্ত হয়। সারায়েভো থেকে এলাকাটির দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে।
হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। ব্রচকো হাসপাতালের মুখপাত্র সালিহ ইব্রাহিমবেগোভিচ বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে তিনজনকে শিগগিরই প্রায় ৫০ কিলোমিটার দূরের তুজলা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।
ইব্রাহিমবেগোভিচ বলেন, ‘আমরা এখন জীবন বাঁচানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। তিনি বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমার প্রথম সমবেদনা নিহত সেনাদের পরিবারের প্রতি। তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি।’
বসনিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের সামরিক মিশনে সাধারণত এক হাজার থেকে দেড় হাজার সদস্য কাজ করেন।
দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইইউফোর। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নিশ্চিত হওয়া তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।
এর আগে দেওয়া এক বিবৃতিতে ইইউফোর জানায়, এ দুর্ঘটনায় কোনো বেসামরিক অবকাঠামো, সম্পত্তি বা যানবাহনের ক্ষতি হয়নি। বেসামরিক কোনো মানুষও আহত হননি।