☰
✕

৯০০ কোটি টাকার রেকর্ড মুনাফা বেক্সিমকো ফার্মার

০১ নভেম্বর, ২০২৬

২০২৫-২৬ অর্থবছরে ৮৯৯ কোটি ৮০ লাখ টাকা নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। চলতি বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

তবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য কম্পানিটির ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন নির্ভর করছে আগের অর্থবছরের ৪৯তম এজিএম অনুষ্ঠানের ওপর।

সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশের পর লেনদেনের শুরুর দিকে বেক্সিমকো ফার্মার শেয়ারদর কিছুটা বেড়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কম্পানিটির শেয়ারদর ০.২৮ শতাংশ বেড়ে ১৪৩ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়।

৪৯তম এজিএম আয়োজনে বিলম্ব মার্জনার আবেদন বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে শুনানি শেষ হয়েছে এবং আগামী ১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

আদালতের রায়ের পর আইন ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে ৪৯তম ও ৫০তম এজিএমের তারিখ, সময় এবং অন্যান্য বিস্তারিত তথ্য শেয়ারহোল্ডারদের জানানো হবে। এদিকে লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কম্পানিটি। কম্পানিটির প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১৫ টাকা ৫৬ পয়সা।

একই সময়ে কম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১১৯ টাকা ৪ পয়সা থেকে বেড়ে ১৩৯ টাকা ১৮ পয়সায় দাঁড়িয়েছে।

এ ছাড়া সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের অর্থবছরের ১৬ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে ২১ টাকা ৩৩ পয়সা হয়েছে।