০১ নভেম্বর, ২০২৬
আরও এক তারকা দম্পতির সংসার ভাঙার খবর সামনে এসেছে। তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন গায়ক ও অভিনেত্রী দম্পতি। আপাতত সব আলোচনা তাদের ঘিরেই।
অভিনেত্রী মার্গারেট কোয়ালি ও গ্র্যামিজয়ী সংগীতশিল্পী জ্যাক অ্যান্টোনফ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। নিউইয়র্কের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছেন তারা।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে জানা গেছে, ব্রুকলিনের কিংস কাউন্টি সুপ্রিম কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন মার্গারেট। আদালতের নথিতে মামলাটিকে ‘আনকনটেস্টেড ম্যাট্রিমোনিয়াল অ্যাকশন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এটি আপত্তিহীন বিবাহবিচ্ছেদের মামলা।
আবেদনে মার্গারেটকে বাদী এবং জ্যাককে বিবাদী হিসেবে দেখানো হয়েছে। তবে এ বিষয়ে দুজনের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।
২০২৩ সালের ১৯ আগস্ট নিউ জার্সির বিচ হ্যাভেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মার্গারেট ও জ্যাক। এর আগে ২০২১ সালে নিউইয়র্কের একটি পার্টিতে তাদের পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা, পরে প্রেম। ২০২২ সালের মে মাসে ফ্রান্সের কান শহরে বাগদান সারেন এই জুটি।
তবে চলতি বছরের জুলাইয়ে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে জ্যাককে একা দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। এবার সেই জল্পনার মধ্যেই সামনে এল বিচ্ছেদের আবেদন করার খবর।
‘দ্য সাবস্ট্যান্স’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ও ‘দ্য মেইড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন মার্গারেট কোয়ালি। অন্যদিকে জ্যাক অ্যান্টোনফ ১৪টি গ্র্যামি পুরস্কারজয়ী সংগীতশিল্পী ও সংগীত প্রযোজক। টেলর সুইফট, লানা ডেল রে ও সাবরিনা কার্পেন্টারের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।