☰
✕

মাঝ পথে ‘বিগ বস’ থেকে বিদায়, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন ঝিলাম?

০১ নভেম্বর, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-এর ঘর থেকে বিদায় নিতে হয়েছিল কনটেন্ট ক্রিয়েটর ঝিলাম গুপ্তকে। শো থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে দূর্গাপূজো উদযাপন করেন তিনি। সেই সময় অনেকে সামাজিক মাধ্যমে সমালোচনা করে লিখেছিলেন, অসুস্থতার মিথ্যা কাহিনী সাজিয়ে বিগ বস-এর ঘর থেকে বিদায় জানিয়েছেন ঝিলাম। তবে পূজো শেষ হতে না হতেই অফারেশন থিয়েটারে ঢুকতে হয়েছে। সম্প্রতি এক পোস্টে ঝিলাম জানিয়েছেন তার সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পাথরের সমস্যায় ভুগছিলেন ঝিলাম। পেটে অতিরিক্ত মাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে মাঝপথেই বিগ বস-এর ঘর ছাড়তে হয়। সম্প্রতি হাসপাতালের বেড থেকে সামাজিক মাধ্যমে নিজের কিছু ছবি ও শারীরিক অবস্থার আপডেট শেয়ার করেছেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

তিনি লিখেছেন, অপারেশন সফল হয়েছে। অতিরিক্ত পরিমাণে সংক্রমিত হয়ে যাওয়া পিত্তথলিতে হওয়া কয়লার আকারের পাথার আমাকে কষ্ট দিচ্ছিল। অপারেশনের পর পেটে প্রচণ্ড ব্যথা আছে। কিন্তু সেই জন্য থেমে থাকলে হবে না। মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর ডক্টর সিদ্ধার্থ বিশ্বাস এর তত্বাবধানে আমার অপারেশন হয়েছে। অপারেশন থিয়েটারে তাঁর সঙ্গে ছিলেন ডাক্তার আত্রেয় সরকার, ডাক্তার বিদিশা দে এবং ডাক্তার ঋতব্রত ঘোষ। আর ডক্টর প্রসেনজিৎ মুখার্জির কথা না বললেই নয়। এঁদের সকলের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। তাঁরাই আমাকে উঠিয়ে বসিয়েছেন। চ্যানেল লাগানো হাতে পোজ দিয়ে ছবি তুললাম তাঁদেরই দেওয়া ভরসায়। ডাক্তারবাবুদের সঙ্গে ছবিতে আছেন পৌলমী, যিনি না থাকলে আমার অপারেশন টেবিল পর্যন্ত ঠিক সময়ে পৌঁছানো হতো না। 

সবশেষে শুভানুধ্যায়ীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঝিলাম গুপ্ত।