০১ নভেম্বর, ২০২৬
চাঁদপুরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৯ বছর পূর্তি উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকালে চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা।
প্রধান অতিথির বক্তব্যে তাসনীম জোহরা বলেন, বিচার বিভাগ জনগণের অধিকার ও নিরাপত্তা লাভের শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীদের আস্থার জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে বিচারক ও আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া একটি সভ্য, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ সম্ভব নয়। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগের বিকল্প নেই। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নির্বাহী বিভাগ থেকে ম্যাজিস্ট্রেসি পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক।
আলোচনা সভায় বিচারকদের মধ্যে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন, যুগ্ম জেলা জজ সামিউল আলম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন।
এছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট আহসান হাবীব ও অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল। অনুষ্ঠানে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।