☰
✕

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

০২ নভেম্বর, ২০২৬

খুলনার রায়েরমহল এলাকায় মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।

 

স্থানীয়রা জানায়, ঘটনার সময় হুমায়ুন কবির নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা তার চাচাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান আলী বলেন, ঘটনাটি খালিশপুর ও আড়ংঘাটা থানার সীমান্তবর্তী এলাকায়। হত্যায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।